জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যা; ভাতিজা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল জলিল মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২৯ জুন) রাতে বাংলা টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে, গতকাল রোববার (২৮ জুন) রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক কাঁচাবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল জলিল মিয়া উপজেলার উত্তর হরিপুর মধ্যপাড়া গ্রামের ছামছুল হকের ছেলে ও হরিরামপুর ইউনিয়নের বর্তমান ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। নিহত কফিল উদ্দিন (৬৫) তার আপন চাচা।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, নিহত কফিল উদ্দিনের পৈতৃক ৬৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে শরিকদের মধ্যে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। পরে কফিল উদ্দিন জমিটি স্থানীয় কৃষক আতাউর রহমানকে বর্গা চাষের জন্য দেন।
গত ২৮ এপ্রিল সকালে আতাউর রহমান জমিতে ধান কাটতে গেলে অভিযুক্তরা তাকে বাধা দেন। কারণ জানতে চাইলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। খবর পেয়ে কফিল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে আতাউর রহমানকে উদ্ধার করতে গেলে আব্দুল জলিলের নেতৃত্বে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে। স্বামীকে রক্ষা করতে গেলে কফিল উদ্দিনের স্ত্রী জুলেখা বেগমকেও মারধর করা হয়। হামলায় তাদের স্বজনরাও আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে কফিল উদ্দিনকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন।
এ ঘটনায় নিহতের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে গত ১ মে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।
মামলার গুরুত্ব বিবেচনায় র্যাব-১৩-এর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প এবং র্যাব-১ গাজীপুর ক্যাম্পের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামি আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।’



