রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় অবস্থিত রাম মন্দিরের অনুদান তহবিল থেকে অর্থ ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং একাধিক ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পাশাপাশি মন্দির পরিচালনাকারী ট্রাস্টের শীর্ষ পর্যায়েও পরিবর্তন এসেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাম মন্দির পরিচালনার দায়িত্বে থাকা শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট-এর হিসাব ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ প্রথম প্রকাশ্যে আনেন ট্রাস্টের সাবেক হিসাব পরিদর্শক মহিপাল সিং। পরে বিরোধী দল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব অভিযোগ করেন, ভক্তদের দেওয়া কোটি কোটি রুপি ও মূল্যবান উপহার গায়েব হয়েছে।
বিতর্কের পর উত্তর প্রদেশ সরকার তিন সদস্যের একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করে। তদন্তের প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং পুলিশ নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী গণনার দায়িত্বে থাকা অন্তত আটজনকে গ্রেপ্তার করেছে। তদন্তের পরিধি ব্যাংক কর্মকর্তাদের দিকেও সম্প্রসারিত হয়েছে।
এদিকে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি অনিল মিশ্র পদত্যাগপত্র জমা দিয়েছেন। ট্রাস্ট জানিয়েছে, তারা নিরপেক্ষ তদন্তে সহযোগিতা করবে এবং অনুদানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অভিযোগ প্রকাশের পর অনেক ভক্ত তাদের দান করা সোনার গয়না, রুপার ইট ও অন্যান্য মূল্যবান সামগ্রীর হিসাব জানতে চাইছেন। স্থানীয় বাসিন্দা ব্রজেশ কুমার আল জাজিরাকে বলেন, ট্রাস্ট কর্তৃপক্ষ তাদের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। একইভাবে রাম মন্দির আন্দোলনের নেতা সন্তোষ দুবেও ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তর প্রদেশে আগামী নির্বাচনের আগে এই বিতর্ক ক্ষমতাসীন বিজেপির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। বিরোধী দলগুলো বিষয়টি নিয়ে সরকারকে রাজনৈতিকভাবে চাপে রাখার চেষ্টা করছে, যদিও তদন্ত এখনো চলমান এবং অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তি হয়নি।



