ট্রাম্পকে ‘লুজার’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত বলে

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘লুজার’ আখ্যা দিয়ে তার প্রশাসনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, অযোগ্য ও আত্মমুগ্ধ প্রশাসন বলে মন্তব্য করেছেন।
গত শনিবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের হ্যানোভারে ডেমোক্রেটিক পার্টির এক গালা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন বাইডেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১০ মিনিটের বক্তব্য দেন সাবেক এই প্রেসিডেন্ট।
বাইডেন অভিযোগ করেন, হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে সেখানে একটি বলরুম নির্মাণ করা হচ্ছে। এছাড়া জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের ভবনের সামনে নিজের নাম সংযুক্ত করার পর আদালতের নির্দেশে তা সরিয়ে নিতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় দণ্ডিত হয়ে পরে প্রেসিডেন্টের ক্ষমা পাওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগের সমালোচনা করে বাইডেন বলেন, “কী ভয়ংকর! কী হারু মানসিকতার মানুষ।”
তিনি আরও অভিযোগ করেন, লিংকন মেমোরিয়ালের প্রতিফলন পুকুর সংস্কার প্রকল্পে প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই ট্রাম্পের এক দাতাকে ১৭ লাখ ডলারের পানি পরিশোধন ব্যবস্থার চুক্তি দেওয়া হয়েছে। তার ভাষায়, এটি ‘প্রকাশ্য ও নির্লজ্জ দুর্নীতির’ উদাহরণ।
পররাষ্ট্রনীতি নিয়েও ট্রাম্পকে আক্রমণ করেন বাইডেন। তার দাবি, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নমনীয় অবস্থান নিয়েছেন এবং ন্যাটোকে দুর্বল করার চেষ্টা করেছেন। এর ফলে বিশ্বের কাছে যুক্তরাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে টেলিভিশন বিতর্কে দুর্বল পারফরম্যান্সের পর নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান জো বাইডেন। পরে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে ক্ষমতা ছাড়ার পর বাইডেন পরিবারের রাজনৈতিক তৎপরতা আবারও বেড়েছে। সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন সম্প্রতি তার স্মৃতিকথা প্রকাশ করেছেন। অন্যদিকে হান্টার বাইডেন সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতি, মানসিক স্বাস্থ্য ও আসক্তি থেকে পুনরুদ্ধার নিয়ে নিয়মিত লিখছেন।
অনুষ্ঠানের আগে দেওয়া এক বিবৃতিতে বাইডেন বলেন, গণতন্ত্র কেবল দর্শক হয়ে দেখার বিষয় নয়; মানুষের সঙ্গে মাঠপর্যায়ে কাজ করার মাধ্যমেই গণতন্ত্রকে শক্তিশালী করা যায়।



