ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মানবিক উদ্যোগেও প্রশংসা কুড়িয়েছেন। ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তিনি আড়াই লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা অনুদান দিয়েছেন।
ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও জানিয়েছে, নেইমারের এই অনুদানের অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাদ্য, বিশুদ্ধ পানি, অস্থায়ী আশ্রয় এবং অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী সরবরাহে ব্যয় করা হবে।
এ প্রসঙ্গে নেইমার বলেন, “ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।”
প্রতিবেদন অনুযায়ী, রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একের পর এক আফটারশকের কারণে উদ্ধার অভিযানও ব্যাহত হচ্ছে। এতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত এবং ৩ হাজার ২৩৮ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে তিন হাজারের বেশি পরিবার। এরই মধ্যে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মানবিক সংস্থা দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে।
অন্যদিকে, ৩৪ বছর বয়সী নেইমার বর্তমানে বিশ্বকাপে ব্রাজিল দলের হয়ে খেলছেন। চোটের কারণে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে খেলতে না পারলেও স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে প্রত্যাবর্তন করেন। নকআউট পর্বের আগে তার ফিরে আসাকে ব্রাজিল দলের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।



