Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে, সিদ্ধান্ত বাস্তবায়নে একগুচ্ছ নির্দেশনা

বাংলা টিভি ডেস্ক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্রেণি থেকে জাতীয় পাঠ্যক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ লক্ষ্যে মাঠের প্রাপ্যতা নিশ্চিতসহ একগুচ্ছ নির্দেশনা জারি করা হয়েছে।

রোববার (২৮ জুন) অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৬ মার্চের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ রয়েছে, সেগুলোকে খেলাধুলার উপযোগী করতে প্রয়োজনীয় চাহিদা নিরূপণ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বরাদ্দ আনার উদ্যোগ নিতে হবে।

এছাড়া প্রায় ১১ হাজার বিদ্যালয়ে কোনো খেলার মাঠ নেই উল্লেখ করে সেসব বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

নতুন কোনো প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাঠানোর আগে সেখানে পর্যাপ্ত খেলার মাঠ আছে কি না, তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

যেসব বিদ্যালয়ের নিজস্ব মাঠ নেই, সেখানে আশপাশের বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন মাঠ নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের জন্য সমঝোতা বা চুক্তির উদ্যোগ নিতে বলা হয়েছে। পাশাপাশি মসজিদ, মন্দির, খালি জায়গা, পতিত জমি বা অন্যান্য সরকারি সংস্থার মাঠ ব্যবহার করে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় খেলাধুলার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব বিদ্যালয়ে মাঠের ব্যবস্থা সম্ভব নয়, সেখানে বরাদ্দ অর্থ দিয়ে দাবা, ক্যারামসহ ইনডোর গেমস সরবরাহের কথাও বলা হয়েছে।

এ ছাড়া প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং পাঠদান শেষে ও সাপ্তাহিক ছুটির দিনে মাঠ শিশুদের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের এসব নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করে অগ্রগতি প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি এবং দলগত দক্ষতা বাড়বে এবং বিদ্যালয়ভিত্তিক ক্রীড়া সংস্কৃতি আরও শক্তিশালী হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button