ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্নর ও ডেমোক্র্যাট নেতা মিকি শেরিল দাবি করেছেন, ইরানকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রশাসনের লক্ষ্য বারবার পরিবর্তন করা হয়েছে এবং যুদ্ধের ব্যয়ও ক্রমাগত বেড়েছে। তার প্রশ্ন—আমেরিকাকে নিরাপদ করার ক্ষেত্রে আসলে কী অর্জন হয়েছে, তা জনগণের কাছে স্পষ্ট করা উচিত।
মিকি শেরিল অভিযোগ করেন, কখনো বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা লক্ষ্য, আবার কখনো পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, সরকার পরিবর্তন কিংবা হরমুজ প্রণালি পুনরায় চালু করাকেই লক্ষ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু এসবের কোনোটি বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন তিনি।
তার ভাষায়, “এখন পর্যন্ত এসব লক্ষ্যগুলোর একটিও অর্জিত হয়নি।”
তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর আগেই হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক ছিল, ফলে সেখানে নতুন কোনো সাফল্যের দাবি করা যায় না।
এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই



