Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতি

‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’

বাংলা টিভি ডেস্ক: জাতীয় সংসদে ব্যক্তিকে তোষামোদ করার জন্য গান, কবিতা পাঠসহ অতীতের ‘ব্যাড কালচার’ বা অপসংস্কৃতি পুরোপুরি বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ কোনো তোষামোদের জায়গা নয়, এটি জনগণের প্রতি দায়িত্ব পালনের পবিত্র ক্ষেত্র।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ট্যাক্সের অর্থে পরিচালিত সংসদে যেন আর কোনো চরিত্রহনন বা অপ্রয়োজনীয় তোষামোদমূলক কর্মকাণ্ড না ঘটে, সে বিষয়ে স্পিকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, সরকারি দল ও বিরোধী দল—দু’পক্ষের অবস্থান ভিন্ন হওয়াই স্বাভাবিক। সবার চিন্তা এক হলে সংসদীয় আলোচনার প্রয়োজন থাকত না। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্যরা নিজেদের বিবেক ও জনগণের প্রতি দায়বদ্ধ।

বাজেট অধিবেশনকে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই অধিবেশনের আলোচনার ওপরই দেশের অর্থনৈতিক দিকনির্দেশনা নির্ভর করে।

বিরোধীদলীয় নেতা সংসদকে ‘দুই চাকার যানবাহন’ হিসেবে উল্লেখ করে বলেন, সরকারি দল ও বিরোধী দল—উভয় চাকা সচল থাকলেই সংসদ কার্যকর থাকে। কোনো একটি চাকা অকেজো হলে পুরো ব্যবস্থা অচল হয়ে যায়।

তিনি সরকারি দলকে বিরোধী মতকে সম্মান করার এবং বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, বিরোধিতা যেন বিরোধিতার জন্য না হয়, বরং জনগণের স্বার্থে গঠনমূলক হয়।

অতীতে সংসদে ব্যক্তিকেন্দ্রিক তোষামোদ, গান-কবিতা ও অতিরঞ্জিত প্রশংসার সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, জনগণের অর্থে পরিচালিত সংসদে এসব অপ্রয়োজনীয় কর্মকাণ্ডের কোনো স্থান থাকা উচিত নয়।

ডা. শফিকুর রহমান বাজেটকে দেশের উন্নয়ন ও টিকে থাকার ‘রোডম্যাপ’ হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। তবে তিনি বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি এবং অপচয় রোধের ওপর জোর দেন।

তিনি বাজেট বাস্তবায়ন ব্যবস্থায় কাঠামোগত সংস্কারের প্রস্তাব দিয়ে বলেন, প্রচলিত অর্থবছর (জুলাই–জুন) পরিবর্তন করে জানুয়ারি–ডিসেম্বর করা হলে শেষ সময়ে চাপ ও অনিয়ম কমবে।

বিরোধীদলীয় নেতা বলেন, সংসদের মূল দায়িত্ব হচ্ছে সরকারের কাজের তদারকি করা এবং জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা, যাতে কোনো ধরনের দুর্নীতি বা অপচয় না হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button