Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতি

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, আনা হলো ঢামেকে

বাংলা টিভি ডেস্ক: সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

এর আগে রোববার (২৮ জুন) রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে অবস্থানকালে তিনি অসুস্থতা অনুভব করেন। পরে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান জানান, ডা. দীপু মনি দীর্ঘদিন ধরে কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, তিনি আগ থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন। অসুস্থতা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ডা. দীপু মনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button