বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে একটি পরিবারে। বড় ভাইকে দাফনের পরও যখন স্বজনরা শোক কাটিয়ে উঠতে পারেননি, তখন রাতেই মারা যান ছোট ভাই। এমন হৃদয়বিদারক ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক।
রোববার (২৯ জুন) হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার ১১ নম্বর ওয়ার্ডের শুকু কমিশনারের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী শাহিন ভোরে মারা যান। জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কিন্তু বড় ভাইয়ের দাফনের কয়েক ঘণ্টা পর রাত ১০টা ৫০ মিনিটে মারা যান তার ছোট ভাই আলমগীর হোসেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করলেও পরে নিজ বাড়িতে ফেরেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবারের সদস্যরা জানান, চার ভাইয়ের মধ্যে শাহিন ছিলেন জ্যেষ্ঠ এবং আলমগীর ছিলেন মেজো। তারা মা, এক বোন, দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে এসেছে। তাদের মৃত্যুতে আত্মীয়-স্বজন, প্রতিবেশী, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন জনি চৌধুরী বলেন, “একই দিনে এক পরিবারের দুই সহোদরকে হারানোর মতো এমন মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় খুব কমই দেখা গেছে। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।”



