Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যা চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া হাজারো মানুষকে বিষাক্ত ক্যাপসুল খাইয়ে হত্যার একটি পরিকল্পনা নস্যাৎ করেছে পুলিশ। এ ঘটনায় ফাইয়াজ প্রেমজি নামের এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মুম্বাই পুলিশ জানায়, শুক্রবার (২৬ জুন) মিছিল চলাকালে সাধারণ মানুষের মধ্যে ওষুধের মতো করে বিতরণ করা ক্যাপসুল খাওয়ার পর অন্তত ১০-১২ জন অসুস্থ হয়ে পড়েন। পরে ল্যাব পরীক্ষায় দেখা যায়, ক্যাপসুলে অত্যন্ত বিষাক্ত রাসায়নিক জিঙ্ক ফসফাইড ছিল, যা সাধারণত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়।

তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি মিছিলে অংশ নেওয়া প্রায় ১৫ হাজার মানুষকে বিষপ্রয়োগে হত্যার পরিকল্পনা করেছিলেন এবং তিনি ক্যাপসুলগুলোকে ব্যথানাশক ও ভিটামিন ওষুধ হিসেবে পরিচয় দিচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে এবং পরে তার কাছ থেকে প্রায় ১৪ হাজার ৯০০টি বিষাক্ত ক্যাপসুল উদ্ধার করে।

পুলিশের দাবি, অভিযুক্ত আরও বড় পরিকল্পনার অংশ হিসেবে বিপুল পরিমাণ রাসায়নিক ও খালি ক্যাপসুল সংগ্রহের চেষ্টা করছিলেন। তবে মিছিলে থাকা কয়েকজন স্বেচ্ছাসেবকের সতর্কতা ও দ্রুত পদক্ষেপে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

অসুস্থদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে তারা বর্তমানে আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে এবং তার সম্ভাব্য সহযোগী বা কোনো সংগঠনের সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করছে পুলিশ।

বিশেষজ্ঞদের মতে, জিঙ্ক ফসফাইড অত্যন্ত বিষাক্ত রাসায়নিক, যা শরীরে প্রবেশ করলে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং অনেক ক্ষেত্রে জীবনঘাতী হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button