Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

ধর্ষণ থেকে বাঁচতে প্রতিবন্ধী যুবককে গলা কেটে হত্যা প্রবাসীর স্ত্রীর

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার লালমাই উপজেলায় এনায়েতুর রহমান ওরফে বাহার (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী এক নারীকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্যমতে, আটক নারী দাবি করেছেন যে আত্মরক্ষার উদ্দেশ্যে তিনি এ কাজ করেছেন।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতের পরিবারের সঙ্গে প্রতিবেশী একটি পরিবারের দীর্ঘদিন ধরে সীমানাপ্রাচীর নিয়ে বিরোধ চলছিল। এছাড়া প্রায় এক মাস আগে ওই নারীর প্রতি এনায়েতুর রহমানের অসদাচরণের অভিযোগও উঠেছিল, যা স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল। কয়েকদিন আগে ওই নারীর স্বামী বিদেশে কর্মস্থলে ফিরে যান।

নিহতের মা নেহারা বেগম দাবি করেন, তার ছেলে শারীরিক প্রতিবন্ধী ছিলেন। দুই হাতের কবজি ও আঙুল কার্যকর না থাকায় তিনি স্বাভাবিকভাবে কাজ করতে পারতেন না। তার অভিযোগ, প্রতিবেশী নারী ঘরে ডেকে নিয়ে তার ছেলেকে হত্যা করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

অন্যদিকে আটক নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, এনায়েতুর রহমান তাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন এবং আত্মরক্ষার জন্যই তিনি এই ঘটনা ঘটিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button