Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

ঢাবিতে হল সংসদ নেতার বিরুদ্ধে সাবেক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে এক সাবেক শিক্ষার্থী দম্পতি, বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান কয়েকজন শিক্ষার্থী এবং এক নারী হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হল সংসদের সমাজসেবা সম্পাদক ও শিবির নেতা সাজু মিয়ার বিরুদ্ধে হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের দাবি, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তারা নিয়ম অনুযায়ী রেজিস্টারে নাম লিখে হলে প্রবেশ করেন। খেলা শুরুর আগে কয়েকজন শিক্ষার্থী তাদের পরিচয় জানতে চান এবং সঙ্গে থাকা নারীকে নিয়ে আপত্তি তোলেন। পরে আরও কয়েকজন এসে তাদের ঘিরে ধরেন। অভিযোগ অনুযায়ী, হল সংসদের সমাজসেবা সম্পাদক পরিচয় দিয়ে সাজু মিয়া তাদের হল ত্যাগ করতে বলেন। একই সময়ে আরেক ব্যক্তি নিজেকে ক্রীড়া সম্পাদক পরিচয় দিয়ে তাদের ছবি তুলে হলের গ্রুপে প্রকাশের কথাও বলেন।

ভুক্তভোগীরা জানান, তারা ব্যাখ্যা দেন যে সঙ্গে থাকা নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং উপস্থিত একজনের স্ত্রী। অতীতেও তারা একই হলে বিশ্বকাপের খেলা দেখেছেন। এরপরও তাদের চলে যেতে বলা হয়। পরে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন, দুঃখ প্রকাশ করেন এবং লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সাজু মিয়া। তার দাবি, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে প্রথমে হলের স্টাফদের মাধ্যমে এবং পরে তিনি নিজে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করেন মাঠ ছেড়ে যেতে। তিনি বলেন, ওই নারীর সঙ্গে তার কোনো কথোপকথন হয়নি এবং হেনস্তার অভিযোগেরও কোনো ভিত্তি নেই। বরং তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, শিক্ষার্থীরা নিজেরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়ে কাউকে হেনস্তা করতে পারে না। কোনো অভিযোগ থাকলে তা হল প্রশাসন বা প্রক্টর অফিসকে জানাতে হবে। তিনি জানান, প্রক্টর অফিসে এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button