ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, এখনও নিখোঁজ ৫১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পের তিন দিন পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্যে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৩০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৫১ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। শনিবার (২৭ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বুধবার রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প দেশটির উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্যোগকবলিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে শুক্রবার রাত থেকে ওই এলাকায় যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সরকারি উদ্ধার কার্যক্রম পর্যাপ্ত না হওয়ায় অনেক স্থানীয় বাসিন্দা নিজেরাই ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছেন। উদ্ধারকর্মীরা সতর্ক করেছেন, জীবিত উদ্ধার অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টা দ্রুত শেষ হয়ে আসছে।
সরকার জানিয়েছে, বিশেষ অনুমতি ছাড়া লা গুয়াইরা এলাকায় প্রবেশ করা যাবে না। তবে অনুমতি প্রদানের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এদিকে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সরকারি উদ্ধার তৎপরতা প্রয়োজনের তুলনায় কম হলেও সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর দাবি করেছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রাথমিক হিসাবে, এই ভূমিকম্পে ৪.৭ থেকে ৮.৭ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হতে পারে। শনিবার আরাগুয়া রাজ্যে ৪.৮ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হলেও এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সর্বশেষ তথ্যে ৩ হাজার ৩০০ জন আহত হয়েছেন এবং ২৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এই দুর্যোগে প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। সংস্থাটি দ্রুত আন্তর্জাতিক মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছে।



