শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের মুয়াজ্জিন কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মনির হোসেন (২২) নামের এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে বাংলা টিভিকে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব।
এর আগে, গতকাল শুক্রবার বিকালে উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামতবাগচী আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত অভিযুক্ত মনির হোসেন ওই গ্রামের মিলন মিয়ার ছেলে। তিনি আকন্দপাড়া জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে এসেছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মনির হোসেন মসজিদের মুয়াজ্জিন এবং শিশুদের পড়ান। গতকাল শুক্রবার বিকালে মক্তব পড়ানো শেষে সব বাচ্চাকে ছেড়ে দিয়ে ৭ বছর বয়সী ভুক্তভোগী শিশুকে কৌশলে আটকিয়ে রাখে অভিযুক্ত মনির হোসেন। পরে তাকে যৌন নির্যাতনের চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জানতে পেরে অভিযুক্ত মুয়াজ্জিনকে আটক করে। পরে ভুক্তভোগী শিশুর পরিবার ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ অভিডুক্ত হুজুরকে আটক করে থানায় নেয় পুলিশ।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মনির নামের মসজিদের এক মুয়াজ্জিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ওই মনির হোসেনকে আসামি করা হয়েছে। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’



