Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

আশুরার দিনে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের আহ্বান জোহরান মামদানির

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র আশুরা উপলক্ষে সত্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। শুক্রবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি আশুরার তাৎপর্য তুলে ধরে ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

পোস্টে তিনি লিখেছেন, আশুরা শুধু শোক বা স্মরণের দিন নয়, এটি আত্মত্যাগ, আত্মসমালোচনা এবং ন্যায়ের পথে অবিচল থাকার অনুপ্রেরণার দিন। তিনি বলেন, মহররমের ১০ তারিখে কারবালার প্রান্তরে ইমাম হোসেন (রা.) সত্য ও মর্যাদা রক্ষায় যে আত্মত্যাগ করেছিলেন, তা আজও বিশ্ববাসীকে ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোর শিক্ষা দেয়।

মামদানি আরও বলেন, এই আদর্শ ধারণ করে সবার জন্য আরও ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক নিউইয়র্ক গড়ে তোলাই হওয়া উচিত সবার লক্ষ্য।

ইসলামের ইতিহাসে আশুরা বিশেষ গুরুত্ব বহন করে। ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.), তাঁর পরিবারের সদস্য ও সঙ্গীরা ইয়াজিদের আনুগত্য প্রত্যাখ্যান করে শাহাদাত বরণ করেন। মুসলিম বিশ্বে এ দিনটি সেই আত্মত্যাগ ও ন্যায়ের সংগ্রামের প্রতীক হিসেবে স্মরণ করা হয়।

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই জোহরান মামদানি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করছেন। রমজান মাসে তিনি একাধিক ইফতার মাহফিল ও জামাতে অংশ নেন। পাশাপাশি ঈদুল আজহার নামাজেও অংশগ্রহণ করেন।

এ ছাড়া ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদার করতে তিনি বিভিন্ন সিনাগগ পরিদর্শন এবং রোশ হাশানাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button