
স্পোর্টস ডেস্ক: ঘানার স্বঘোষিত তান্ত্রিক নানা কোয়াকু বনসাম আবারও আলোচনায় এসেছেন। ‘কালো জাদু’ নিয়ে নানা সময় বিতর্কিত দাবি করে আসা এই ব্যক্তি এবার দাবি করেছেন, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যাচ্ছেন।
ব্রিটিশ ও আফ্রিকান কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে কোয়াকু বনসাম বলেন, তিনি আধ্যাত্মিকভাবে দেখেছেন—বিশ্বকাপ ট্রফি উঠছে রোনালদোর হাতেই। তার ভাষায়, “এই বিশ্বকাপ রোনালদোর। আমি দেখে নিয়েছি ট্রফিটা ওর হাতেই যাচ্ছে।”
এর আগেও ২০১৪ বিশ্বকাপের সময় তিনি আলোচনায় আসেন। সে সময় পর্তুগাল ও ঘানা একই গ্রুপে থাকায় তিনি দাবি করেছিলেন, ‘কালো জাদু’ প্রয়োগ করে ক্রিস্টিয়ানো রোনালদোকে সমস্যায় ফেলেছেন। ওই আসরে রোনালদো শারীরিক অসুস্থতা ও চোটের সমস্যায় ভুগলেও পর্তুগাল গ্রুপ পর্ব পার হতে পারেনি।
নিজেকে ঘানার একটি প্রত্যন্ত গ্রামের আধ্যাত্মিক আশ্রমের সঙ্গে যুক্ত দাবি করা এই ব্যক্তি বলেন, তিনি বিশেষ ‘আধ্যাত্মিক শক্তি’র মাধ্যমে খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলতে পারেন। তবে এসব দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ কখনো পাওয়া যায়নি।
চলতি প্রেক্ষাপটে তিনি আরও দাবি করেছেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকেও অতীতে ‘আধ্যাত্মিকভাবে প্রভাবিত’ করেছেন তিনি। এবার তার নতুন ভবিষ্যদ্বাণী রোনালদোকে ঘিরেই।
তিনি বলেন, আধ্যাত্মিকভাবে ইতোমধ্যেই নাকি তিনি দেখে ফেলেছেন—পর্তুগাল বিশ্বকাপ জয় করেছে এবং রোনালদোর জন্যই অপেক্ষা করছে সেই ট্রফি।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপকে ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে ধরা হচ্ছে। ফলে এই টুর্নামেন্ট ঘিরে তার সম্ভাব্য শিরোপা জয়ের গল্প ইতোমধ্যেই ফুটবল বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।



