
বাংলা টিভি ডেস্ক: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্বশত্রুতা ও গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন যুবলীগের এক নেতার বিরুদ্ধে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় উকিল শেখের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
নিহত সুমন শেখ বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে এবং এমএ খালেক কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বড়ভাগ গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সুমন মোটরসাইকেলে কাশিয়ানী উপজেলার উদ্দেশ্যে রওনা দিলে উকিল শেখের বাড়ির সামনে পৌঁছালে একদল হামলাকারী তার পথরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়।
স্বজনদের অভিযোগ, হামলার নেতৃত্ব দেন বড়ভাগ গ্রামের সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি হুসাইন শেখ। তার নেতৃত্বে হামলাকারীরা সুমনের ওপর অতর্কিত হামলা চালায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সুমনকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর বড়ভাগ গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।



