ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে দায়িত্ব পালনরত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমপর্যায়ের মর্যাদা প্রদান করেছে ভারত সরকার। এর ফলে বিভিন্ন রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি উচ্চতর প্রটোকল সুবিধা ভোগ করবেন।
বুধবার জারি করা ভারত সরকারের এক অফিস স্মারকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। স্মারকে উল্লেখ করা হয়েছে, দিনেশ ত্রিবেদীকে ব্যক্তিগতভাবে এই বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এবং এটি শুধুমাত্র তার ক্ষেত্রেই প্রযোজ্য।
সরকারি নথিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তের কারণে ভারতের বিদ্যমান ‘টেবিল অব প্রিসিডেন্স’ বা রাষ্ট্রীয় প্রটোকল তালিকায় কোনো ধরনের পরিবর্তন আনা হচ্ছে না। অর্থাৎ, এটি স্থায়ী নীতিগত পরিবর্তন নয়; বরং একটি বিশেষ প্রশাসনিক ব্যবস্থা।
ভারত সরকারের আন্ডার সেক্রেটারি কমলেশ রবিদাস স্বাক্ষরিত স্মারকে উল্লেখ করা হয়, আনুষ্ঠানিক ও প্রটোকলসংক্রান্ত কর্মকাণ্ডে দিনেশ ত্রিবেদী কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা পাবেন।
সরকার আরও স্পষ্ট করেছে যে, এই মর্যাদা কেবল প্রটোকল ও আনুষ্ঠানিকতার ক্ষেত্রে কার্যকর হবে এবং এর ফলে রাষ্ট্রীয় পদমর্যাদার প্রচলিত ক্রমতালিকায় কোনো স্থায়ী সংশোধন বা পুনর্বিন্যাস ঘটবে না।
উল্লেখ্য, ‘টেবিল অব প্রিসিডেন্স’ হলো ভারতের রাষ্ট্রীয় প্রটোকলব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে সরকারি অনুষ্ঠান ও রাষ্ট্রীয় আয়োজনে বিভিন্ন পদাধিকারীর অগ্রাধিকারক্রম নির্ধারণ করা হয়।



