‘দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত’

বাংলা টিভি ডেস্ক: মাদকসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পৃথক ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে শুধু ঢাকাতেই প্রায় ৮০ হাজার মামলা বিচারাধীন রয়েছে, যা বিচারব্যবস্থার ওপর বড় চাপ সৃষ্টি করছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশের ৭৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মধ্যে ১ কোটি ১০ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়। এর মধ্যে ঢাকার ১৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দিয়ে মাদকের বিস্তার কার্যকরভাবে মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আইনটির সংশোধন প্রয়োজন হয়ে উঠেছে। তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
মন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণের সঙ্গে যুক্ত। এই বিপুল সংখ্যক মানুষের তুলনায় সরকারি চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা যথেষ্ট নয়। তাই মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।
তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করে বলেন, শক্তিশালী আইনি কাঠামো ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করা গেলে মাদকবিরোধী অভিযানে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।



