Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৭০০ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ হতাহতদের সর্বশেষ তথ্য জানান। তিনি বলেন, উদ্ধারকারী দল রাজধানী কারাকাসসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে সংঘটিত এই ভূমিকম্প দুটি ব্যাপক আতঙ্ক ও ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা, যেখানে দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি তেল শোধনাগার অবস্থিত। দুর্যোগের পরপরই দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মারসহ একাধিক এলাকায় ভবন ধসে পড়া ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। অনেক বাসিন্দাকে আতঙ্কিত অবস্থায় ঘরবাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নিতে দেখা যায়।

ভূমিকম্পের সময় দেশটিতে সরকারি ছুটি থাকায় অধিকাংশ মানুষ বাসাবাড়ি বা আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরকার জানিয়েছে, রাজধানীসহ বিভিন্ন শহর ও গ্রামে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও অনেক স্থাপনা ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে ভূমিকম্পের পর থেকে কারাকাসের বিস্তীর্ণ এলাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। নিরাপত্তাজনিত কারণে রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button