বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর…

বাংলা টিভি ডেস্ক: নড়াইলের লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত একটি কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, অনুষ্ঠানে কেক কাটা এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছিল।
মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে অভিযান চালিয়ে মজনু তালুকদার (২৭) ও মোতায়ের মোল্যা (১৮) নামের দুই যুবককে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বিকেলে লোহাগড়া রেলস্টেশন এলাকায় অনুষ্ঠিত ওই কর্মসূচির বিষয়ে তথ্য পাওয়ার পর রাতে অভিযান পরিচালনা করা হয়। পরে সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই দুইজনকে আটক করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন তাদের অনুষ্ঠানে নিয়ে যান এবং বিরিয়ানি খাওয়ানোর আশ্বাস দিয়েছিলেন। বিষয়টি পরে এলাকায় আলোচনার জন্ম দিলে আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।



