তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা অকপটে স্বীকার করলেন বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস মার্কিন কংগ্রেসের একটি তদন্তে সাক্ষ্য দিতে গিয়ে তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন। প্রয়াত অর্থদাতা জেফরি এপস্টেইনের কর্মকাণ্ড নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে হাউস ওভারসাইট কমিটির রুদ্ধদ্বার শুনানিতে তিনি এ তথ্য জানান।
গত ১০ জুন অনুষ্ঠিত প্রায় এক ঘণ্টার ওই সাক্ষ্যগ্রহণের অনুলিপি সম্প্রতি প্রকাশ্যে এলে বিষয়টি আলোচনায় আসে। সেখানে গেটস জানান, রুশ বংশোদ্ভূত ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভা, পরমাণু বিজ্ঞানী কারিমা নিগমাতুলিনা এবং বিজ্ঞানী ড. অ্যালিস জ্যাকবস নেসেলরডের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল।
তবে জেফরি এপস্টেইনের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের কোনো ঘটনা তিনি প্রত্যক্ষ করেননি বলে দাবি করেন গেটস। একই সঙ্গে এপস্টেইনের সঙ্গে যোগাযোগ বজায় রাখাকে তিনি নিজের জীবনের একটি বড় ভুল বলে উল্লেখ করেন। যদিও তিনি স্বীকার করেন, এপস্টেইনের পরিবেশে থাকা কিছু নারী তার অপরাধের শিকার হয়ে থাকতে পারেন।
সাক্ষ্যে গেটস আরও অভিযোগ করেন, তার ব্যক্তিগত সম্পর্কগুলোর তথ্য জেনে এপস্টেইন তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন। এপস্টেইনের বিভিন্ন নথিতে তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু দাবি করা হলেও গেটস সেগুলোর বেশ কয়েকটি অস্বীকার করেন।
বিল গেটস জানান, ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে এপস্টেইনের সঙ্গে তার একাধিকবার সাক্ষাৎ ও যোগাযোগ হয়েছিল। মূলত বৈশ্বিক স্বাস্থ্য ও দাতব্য প্রকল্পে সম্ভাব্য অর্থায়ন নিয়ে আলোচনা করতেই এসব বৈঠক হয়েছিল বলে তিনি দাবি করেন। তবে প্রত্যাশিত ফল না পাওয়ায় ২০১৪ সালে তিনি এপস্টেইনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন।
সূত্র: দ্য টেলিগ্রাফ



