Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

সংসদে বিরোধীদের সমালোচনা করে কোরআনের আয়াত শোনালেন এমপি মাহফুজুল্লাহ

বাংলা টিভি ডেস্ক: জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী রাজনৈতিক দলের আন্দোলনের সমালোচনা করেছেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ।

বুধবার (২৪ জুন) সংসদের বাজেট অধিবেশনে তিনি বলেন, এবারের বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের বিক্ষোভ বা অস্থিরতা দেখা যায়নি, যা স্বাধীনতার পর একটি ব্যতিক্রমী পরিস্থিতি।

তিনি দাবি করেন, চাল, তেল, পেঁয়াজ ও চিনিসহ নিত্যপণ্যের ওপর উৎস কর হ্রাসের কারণে বাজারে স্বস্তি ফিরে এসেছে। এ অবস্থায় বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলনের যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

আলোচনায় বিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করতে গিয়ে তিনি ধর্মীয় প্রসঙ্গ টেনে আরবি ভাষায় একটি বক্তব্য উল্লেখ করেন এবং বলেন, অন্যায় কৌশল অবলম্বনকারীদের পরিণতি শুভ হয় না।

এমপি বলেন, বর্তমান বাজেট একটি “গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্বর্তী অর্থনীতির রূপরেখা”, যা দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে। তিনি বাজেটের ‘থ্রি আর’—রিকভারি, রেস্টোরেশন ও রেজিলিয়েন্স কৌশলের প্রশংসা করেন।

তিনি আরও বলেন, ৪১ লাখ নারী প্রধান পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা, সামাজিক নিরাপত্তা ভাতার পরিধি বৃদ্ধি, শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা এবং ফ্রিল্যান্সারদের আয় করমুক্ত রাখার সিদ্ধান্ত ইতিবাচক পদক্ষেপ।

একই সঙ্গে তিনি নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদা সংসদে তুলে ধরেন। কক্সবাজার-২ আসনের কুতুবদিয়া দ্বীপের ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ সেতু ও ফেরি সার্ভিস চালুর দাবি জানান তিনি।

মহেশখালীতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ মেগা প্রকল্প থাকলেও স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি এ বিষয়ে নীতিগত পরিবর্তনের আহ্বান জানান।

এছাড়া মহেশখালী–কুতুবদিয়া সংযোগ সেতু নির্মাণ, লবণের ন্যায্যমূল্য নির্ধারণ, মহেশখালীর মিষ্টি পানকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি, স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের দাবিও সংসদে উত্থাপন করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button