বৃষ্টিতে দরজা লাগানো নিয়ে তর্ক, এই নিয়ে ট্রেনের ভেতর খুন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে চলন্ত লোকাল ট্রেনে দরজা খোলা-বন্ধ করা নিয়ে তর্কের জেরে ছুরিকাঘাতে এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাতে শহরটির একটি ট্রেনে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তির নাম মায়াঙ্ক লোহার। তিনি চার্চগেট থেকে নাল্লাসোপাড়া রুটের একটি লোকাল ট্রেনের প্রথম শ্রেণির বগিতে ভ্রমণ করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও রেল পুলিশ সূত্রে জানা যায়, প্রবল বৃষ্টির কারণে ট্রেনের ভেতরে পানি ঢুকে পড়ছিল। এ সময় এক যাত্রী দরজা বন্ধ করে দেন, অন্য একজন যাত্রী দরজা খোলা রাখতে চান। এ নিয়েই দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরে উত্তপ্ত পরিস্থিতিতে রূপ নেয়।
একপর্যায়ে উত্তেজনার মধ্যে এক ব্যক্তি ছুরি দিয়ে মায়াঙ্ক লোহারকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ট্রেনের ভেতরেই লুটিয়ে পড়েন এবং পরে তার মৃত্যু হয়।
ঘটনার সময় উপস্থিত এক যাত্রী মোবাইল ফোনে পুরো ঘটনা ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, একজন হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং আরেকজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ভিডিও ধারণকারী ব্যক্তি চিৎকার করে বলেন, “তিনি খুন করেছেন, সত্যিই খুন করেছেন।”
রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার আগে দরজা নিয়ে বিতর্ক চলাকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। এরপরই অভিযুক্ত ব্যক্তি ছুরি বের করে আক্রমণ চালান।
ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।



