চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকালে দর্শনা থানার কুড়ালগাছি বিলসংলগ্ন মৎস্য অফিসের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়। এর গায়ে ‘জয় বাংলা’ লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন ব্যক্তি রায়সা বিলে গোসল করতে গিয়ে মৎস্য অফিসের পাশে সন্দেহজনক বস্তুটি দেখতে পান। পরে তারা বিষয়টি স্থানীয় পুলিশকে জানালে দর্শনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি বোমাসদৃশ মনে হলেও সেটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, বস্তুটির গায়ে ‘জয় বাংলা’ লেখা স্পষ্টভাবে দেখা গেছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বস্তুটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় তদন্তও শুরু হয়েছে।



