
বাংলা টিভি ডেস্ক: হযরত শাহজালাল (র.) মাজারে পাঁচ লাখ টাকা দান করেছেন সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সোমবার (২২ জুন) বিকেলে মাজারের দানবাক্সে জমা হওয়া টাকার সঙ্গে মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জেলা প্রশাসনের ফান্ড থেকে এই টাকা জমা দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব। তিনি বলেন, হযরত শাহজালাল (র.) এর নামে মাজারের দানবাক্সে জমা হওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা মাজারের সোনালী ব্যাংক হিসাবে জমা দেয়া হয়। সেই টাকার সঙ্গে সাবেক ডিসি স্যার জেলা প্রশাসনের ফান্ড থেকে আরও ৫ লাখ টাকা দিয়েছেন। সোমবার মাজারের অ্যাকাউন্টে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা দেয়া হয়। এটা সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্টে জমা হয়েছে।
৭০০ বছরের প্রচলিত রীতি ভেঙে প্রথমবারের মতো শাহজালাল (রহ.) মাজারে জমা পড়া দানের টাকার হিসাব প্রকাশ্যে আনেন সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। গত রোববার তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার বিকেলে দানবাক্স খুলে প্রকাশ্যে গণনার ব্যবস্থা করেন। চার ঘণ্টায় গণনা শেষে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সগুলোতে চার দিনে জমা পড়া অর্থ ও স্বর্ণালঙ্কারের হিসাব প্রকাশ করা হয়।
সন্ধ্যায় ওয়াকফ কর্মকর্তা সজল মিয়া ঘোষণা করেন, জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপন করা তিনটি ডেগ ও একটি দানবাক্স খুলে গণনায় নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা এবং ৭ আনা সোনা পাওয়া গেছে। এই টাকার সঙ্গে সারওয়ার আলম নিজে দান করেন আরও পাঁচ লাখ টাকা।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে দায়িত্ব থেকে সরানোর আদেশ জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত আদেশে বলা হয়, সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। তবে তাকে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ বা সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেয়া হবে, সে বিষয়ে কিছু জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে তাকে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ বা সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেয়া হবে, সে বিষয়ে কিছু জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন ডিসি মো. সারওয়ার আলম। মঙ্গলবার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’



