প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত এ সাক্ষাতে আলোইস জভিংগি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
সাক্ষাতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ডব্লিউইএফ-এর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশসহ অন্যান্য ডেল্টা ও উপকূলীয় দেশের জন্য সমন্বিত আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
প্রধানমন্ত্রী জানান, জলবায়ু অভিযোজন ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন এবং পানির প্রবাহ স্বাভাবিক করার উদ্যোগ রয়েছে।
তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বাংলাদেশ সৌরবিদ্যুৎ খাতে কর-সুবিধা দিচ্ছে এবং ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে।
ডব্লিউইএফ প্রধান আলোইস জভিংগি বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও উন্নয়ন উদ্যোগকে আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি এ উদ্যোগগুলো বৈশ্বিক অর্থায়ন ও বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াবে বলেও মন্তব্য করেন।
তিনি বাংলাদেশকে আসন্ন দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান এবং সংস্থাটির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।



