Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: মালয়েশিয়া সফর শেষে দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ১৮ ঘণ্টার সংক্ষিপ্ত সফর শেষ করে তিনি পরবর্তী গন্তব্য হিসেবে চীনের উদ্দেশে রওনা হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশিত এক বার্তায় প্রধানমন্ত্রী এ কৃতজ্ঞতা জানান।

বার্তায় তিনি বলেন, সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইল যে আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তা দেখিয়েছেন, তার জন্য তিনি ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান গভীরভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে মালয়েশিয়া সরকার ও জনগণের বন্ধুত্বপূর্ণ আচরণে তারা মুগ্ধ হয়েছেন বলেও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী জানান, আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠক দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি স্মরণ করেন, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকেই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।

এ ছাড়া মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়ায়ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাকে আরও গভীর করেছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, তার প্রথম রাষ্ট্রীয় সফরের ধারাবাহিকতায় মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান বহুমাত্রিক অংশীদারত্ব আরও সম্প্রসারণে তিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button