ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

বাংলা টিভি ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার এক ব্যক্তি তার ছেলেকে পারিবারিকভাবে ত্যাগ করার ঘোষণা দিয়েছেন। অভিযোগ করা হয়েছে, তার ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
সোমবার (২২ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌড়ঙ্গি এলাকার একটি ফার্নিচার দোকানের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আব্দুল ওহাব শেখ। তিনি পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা।
লিখিত বক্তব্যে আব্দুল ওহাব শেখ জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তার বড় ছেলে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের একটি ওয়ার্ড কমিটির সভাপতি হলেও ছোট ছেলে সজীব শেখ উপজেলা পর্যায়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে তিনি দাবি করেন।
তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিষয়টি জানার পর তিনি ছেলেকে ওই রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে আসতে একাধিকবার পরামর্শ দেন। কিন্তু সজীব শেখ তার অবস্থান পরিবর্তন না করায় পরিবার থেকে তাকে ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভবিষ্যতে সজীব শেখের ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের দায় পরিবার বহন করবে না; এসবের সম্পূর্ণ দায়ভার তার নিজের ওপরই বর্তাবে।
তবে এ বিষয়ে সজীব শেখ বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



