Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাখেলাধুলাদেশবাংলাফুটবল

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

বাংলা টিভি ডেস্ক: প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশে তিনটি বাড়ি, সড়কের পাশের গাছপালা ও আশপাশের এলাকা আকাশি-সাদা রঙে সাজিয়েছেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাসিন্দা শামিম হোসেন। শুধু তাই নয়, বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতলে বিয়ের পিঁড়িতে বসার ঘোষণাও দিয়েছেন এই ফুটবলপ্রেমী।

উপজেলার জোড়াদহ গ্রামের বাসিন্দা শামিম পেশায় স্বাস্থ্য বিভাগের একজন কর্মচারী। দীর্ঘদিন ধরেই তিনি আর্জেন্টিনার সমর্থক। ছোটবেলায় কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার ভক্ত ছিলেন, আর বর্তমানে মুগ্ধ লিওলেন মেসিতে।

নিজের প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকে তিনি তিনটি বাড়িকে আর্জেন্টিনার পতাকার আদলে সাজিয়েছেন। বাড়িগুলোর নাম দিয়েছেন ‘আর্জেন্টিনা বাড়ি-১’, ‘আর্জেন্টিনা বাড়ি-২’ ও ‘আর্জেন্টিনা বাড়ি-৩’। বাড়ির দেয়াল, বারান্দা, আঙিনা এমনকি ওয়াশরুমেও আকাশি-সাদা রঙের ছোঁয়া রয়েছে। বিভিন্ন স্থানে আঁকা হয়েছে আর্জেন্টিনার পতাকা ও খেলোয়াড়দের ছবি। পাশাপাশি দেশের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে প্রতিটি বাড়ির ছাদে টাঙানো হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।

শামিমের আরেকটি ঘোষণা ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। ৪০ বছর পেরিয়ে গেলেও এখনও বিয়ে করেননি তিনি। তবে এবার তার শর্ত একটাই, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে বিয়ের পিঁড়িতে বসবেন। আর দল শিরোপা জিতলে পুরো গ্রামবাসীকে খাওয়ানোরও পরিকল্পনা রয়েছে তার।

শামিম জানান, বাড়িগুলো সাজাতে প্রায় চার লাখ টাকা ব্যয় হয়েছে। এ অর্থ জোগাড় করতে তিনি জমি ও গাছও বিক্রি করেছেন। তার ভাষায়, ছোটবেলা থেকেই আর্জেন্টিনাকে ভালোবাসি। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই এই আয়োজন। মানুষ এসে ছবি তুলছে, দেখছে এতেই আমি আনন্দ পাই।

স্থানীয়দের মতে, ২০২২ সালের বিশ্বকাপেও তিনি নিজের বাড়ি সাজিয়েছিলেন। তবে এবার আরও বড় পরিসরে তিনটি বাড়ি রাঙিয়ে এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ফুটবলপ্রেমীরা বাড়িগুলো দেখতে আসছেন।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, শামিমের মতো আর্জেন্টিনার এত বড় ভক্ত আমরা খুব কমই দেখেছি। তিনি নিজের ভালোবাসাকে এক অনন্যভাবে প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button