আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: আওয়ামী লীগ নামে বর্তমানে কোনো সংগঠন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো বক্তব্য দেবেন কি না—এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই।” তিনি এ সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে উল্লেখ করার কথা বলেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়নি বরং অনেক ক্ষেত্রে উন্নত হয়েছে। তবে কিছু জেলায় কার্যক্রম নিষিদ্ধ একটি দলের তৎপরতা বাড়ার কারণে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সেনা মোতায়েন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার এক জরুরি চিঠিতে জানানো হয়, ঢাকা, চট্টগ্রামসহ দেশের ছয়টি জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে।
চিঠিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও নাশকতামূলক কার্যক্রমের আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও দাবি করেন, বর্তমান সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় ভালো অবস্থায় রয়েছে।



