‘ডিভোর্স হতে পারে স্বামী-স্ত্রীর, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়’

বাংলা টিভি ডেস্ক: ভারত ও বাংলাদেশের সম্পর্ককে স্বামী-স্ত্রীর সম্পর্কের সঙ্গে তুলনা করে বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ বলেছেন, প্রতিবেশী হিসেবে দুই দেশের সম্পর্ক কখনোই বিচ্ছিন্ন বা ‘ডিভোর্স’ হতে পারে না।
সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
জিএম সিরাজ বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক ক্ষণস্থায়ী হতে পারে এবং ডিভোর্সও সম্ভব, কিন্তু ভারত ও বাংলাদেশের সম্পর্ক ভৌগোলিক বাস্তবতার কারণে স্থায়ী। কোনো পক্ষই এই প্রতিবেশী সম্পর্ক অস্বীকার করতে পারবে না।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখা জরুরি। ভারত বাংলাদেশের প্রতিবেশী, তাই সম্পর্ক ক্ষণস্থায়ী না হয়ে দীর্ঘমেয়াদি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হওয়া উচিত।
সংসদে বক্তব্যে তিনি সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনারের মন্তব্য এবং তা ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি প্রতিক্রিয়ার বিষয়ও উল্লেখ করেন। তার মতে, দুই দেশের সম্পর্ক নিয়ে জনমনে কিছু প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে, যার কারণ খতিয়ে দেখা প্রয়োজন।
সীমান্ত ইস্যু ও অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গ টেনে তিনি বলেন, সীমান্তে ‘পুশ-ইন’ বা ‘পুশব্যাক’ ধরনের ঘটনা বন্ধ হওয়া উচিত। একই সঙ্গে মাদক চোরাচালান নিয়ন্ত্রণে দুই দেশকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জিএম সিরাজ বলেন, দুই দেশের মানুষের মধ্যে আস্থা ও হৃদ্যতার সম্পর্ক গড়ে তুলতে পারলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।



