পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। এর মধ্য দিয়ে গত এক দশকে দেশটি সপ্তম প্রধানমন্ত্রীর নেতৃত্বের পথে এগোচ্ছে।
লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, দলের সিদ্ধান্তকে তিনি সম্মানের সঙ্গে মেনে নিচ্ছেন এবং যিনি তার স্থলাভিষিক্ত হবেন, তাকে পূর্ণ সমর্থন দেবেন।
মাত্র দুই বছর আগে বিপুল ভোটে জয়ী হয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল লেবার পার্টি। তবে ক্রমবর্ধমান দলীয় চাপ, জনপ্রিয়তা হ্রাস এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের মধ্যে শেষ পর্যন্ত পদত্যাগের পথ বেছে নিলেন স্টারমার।
দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নেতৃত্বের লড়াইয়ে থাকবেন নাকি সরে দাঁড়াবেন—এ নিয়ে গত কয়েক দিন ধরেই গভীরভাবে চিন্তাভাবনা করছিলেন তিনি।
স্টারমারের ওপর চাপ আরও বেড়ে যায় সাম্প্রতিক এক উপনির্বাচনের পর। ওই নির্বাচনে অ্যান্ডি বার্নহ্যামের জয় লেবার পার্টির ভেতরে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনাকে আরও জোরালো করে তোলে। বর্তমানে তাকে স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে।
তবে নতুন নেতৃত্বের সামনেও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। উচ্চ ঋণ, ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারি ব্যয় নিয়ন্ত্রণ এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগের মতো বিষয়গুলো আগামী সরকারের জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাজার ও বিনিয়োগকারীদের মধ্যেও নতুন নেতৃত্বের অর্থনৈতিক নীতির বিষয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। ফলে নেতৃত্ব পরিবর্তনের পরও যুক্তরাজ্যের রাজনীতি ও অর্থনীতির ওপর সবার নজর থাকবে।



