Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অপরাধবিএনপিরাজনীতি

মুচলেকা নিয়ে সেই এমপিপুত্রকে ছেড়ে দিয়েছে ডিবি

বাংলা টিভি ডেস্ক: ‘চাঁদাবাজিসহ’ বিভিন্ন অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার পর মুচলেকা নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে ছেড়ে দেয়া হয়েছে।

রোববার (২১ জুন) রাতে এক আত্মীয়ের জিম্মায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২২ জুন) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশকিছু অভিযোগের প্রেক্ষিতে সজীবকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে রাতে এক আত্মীয়ের জিম্মায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় ডিএমপি থেকে এক ক্ষুদেবার্তায় খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার বিষয়টি জানানো হয়। ওইদিন দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেয়া হয়। এরপর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেয়া হয়েছিল।

এমপিপুত্র খায়রুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। রোববার ডিবি পুলিশ কর্তৃক আটকের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্ৰীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এই অবস্থায় বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নেবে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button