
বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি পোশাক কারখানার সামনে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে কালুরঘাটের বিসিক শিল্প এলাকার একটি পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া সিসিটিভি ভিডিওতে দেখা যায়, গোলাপি টি-শার্ট পরা এক যুবক কারখানার সামনে থেকে সড়কের দিকে এগিয়ে গিয়ে একটি আগ্নেয়াস্ত্র বের করেন। এরপর তিনি কারখানার দিকে গুলি ছোড়েন এবং সড়ক ধরে হাঁটতে হাঁটতে আরও কয়েক দফা গুলি করেন বলে ভিডিওতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, ঘটনার সময় পাঁচজনের একটি দল সেখানে অবস্থান করছিল এবং তাদের একজনের কাছে অস্ত্র ছিল। তবে গুলির ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, শিল্প এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং বিভিন্ন কারখানার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। সাম্প্রতিক এই ঘটনাও সেই বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে তারা ধারণা করছেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। এদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।



