
বাংলা টিভি ডেস্ক: বাগেরহাটের চিতলমারী উপজেলায় আলোচিত আমির হামজা হত্যা মামলার পলাতক এজাহারভুক্ত আসামি মো. সোহেল হোসাইন ওরফে ‘বডি সোহেল’ (৩৬)–কে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
রোববার র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার সোহেল খুলনা সদর থানার চাঁনমারী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে বলে র্যাব জানিয়েছে।
র্যাবের তথ্য অনুযায়ী, গত ২০ মার্চ পূর্ব শত্রুতার জেরে সোহেলসহ কয়েকজন আসামি মোটরসাইকেলে করে সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে আমির হামজাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের মা মেহেরুন্নেছা বাদী হয়ে চিতলমারী থানায় সোহেলসহ একাধিক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই সোহেল আত্মগোপনে ছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।



