Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

বিডিআর বিদ্রোহের ১৭ বছর পর জামিনে মুক্ত পলাশ, হারিয়েছেন সন্তান, ছেড়ে গেছেন স্ত্রী

বাংলা টিভি ডেস্ক: বিডিআর বিদ্রোহ মামলায় দীর্ঘ ১৭ বছরের কারাবাস শেষে জামিনে মুক্তি পেয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাকির হোসেন পলাশ। গত শুক্রবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি নিজ বাড়ি আচারগাঁও ইউনিয়নের সিংদই টংগীরচর গ্রামে ফিরে আসেন।

দীর্ঘ সময় পর বাড়িতে ফিরছেন—এ খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকেই আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ভিড় করেন তার বাড়িতে। দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরে আবেগে ভেঙে পড়েন পলাশ। কারাজীবনের নানা অভিজ্ঞতা ও ব্যক্তিগত ক্ষতির কথা বলতে গিয়ে তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন, সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিস্থিতির।

পলাশ জানান, কারাবন্দি অবস্থায় তিনি একে একে হারিয়েছেন তার বাবা ও একমাত্র সন্তানকে। তিনি বলেন, মাদ্রাসায় অধ্যয়নরত তার সন্তান কারাগারে থাকাকালীন সময়েই মারা যায়। পরবর্তীতে তার বাবা ডা. আব্দুর রাশিদও মৃত্যুবরণ করেন। কারাবন্দি থাকায় তিনি বাবা ও সন্তানের কারও জানাজায় অংশ নিতে পারেননি।

তিনি আরও জানান, দীর্ঘ কারাবাসের মধ্যে তার স্ত্রী অন্যত্র বিয়ে করে চলে যান। বর্তমানে পরিবারের মধ্যে শুধু তার বৃদ্ধা মা জীবিত আছেন বলে জানান তিনি।

পলাশের বড় ভাই বিডিআর আজহারুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসানের কথা উল্লেখ করেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মুক্তি পেলেও পলাশ এখন মানসিকভাবে বিপর্যস্ত। সব হারানোর বেদনা নিয়ে তাকে নতুন করে জীবন শুরু করতে হবে। এ অবস্থায় তার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button