Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

‘অলির আদেশে’ গড়ে তোলা সুনামগঞ্জের সেই আস্তানায় অভিযান

বাংলা টিভি ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর পঞ্চায়েতি কবরস্থানে গড়ে ওঠা একটি ‘আস্তানা ঘর’ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে ওই স্থান থেকে দেশীয় কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে তার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে কবরস্থানের ভেতরে থাকা ওই আস্তানা থেকে কুড়াল, লোহার রড ও কাঁচি উদ্ধার করা হয়। পরে গয়াছ মিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে স্থানটি ভেঙে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশিদুল ইসলাম বলেন, জনসাধারণের নিরাপত্তা ও পরিবেশ বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বাজিতপুর গ্রামের মাওলানা কামাল উদ্দিন বলেন, দীর্ঘদিনের একটি অস্বস্তিকর পরিস্থিতি থেকে এলাকাবাসী মুক্তি পেয়েছে।

এর আগে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, গয়াছ মিয়া (৩৫) নামের এক ব্যক্তি কবরস্থানের বটগাছের নিচে বাঁশ ও বেত দিয়ে তৈরি একটি ঘরে বসবাস করছিলেন। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, তিনি এক হত্যা মামলায় কারাভোগের পর জামিনে মুক্তি পান এবং পরে সেখানে বসবাস শুরু করেন।

তবে গয়াছ মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি ব্যক্তিগত সমস্যার কারণে সেখানে আশ্রয় নিয়েছেন এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button