
বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার এক এজাহারভুক্ত আসামিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র্যাব।
রোববার ভোরে র্যাব-৭-এর একটি দল বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মো. আইয়ুবকে আটক করে। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা এবং আব্দুল মোনাফের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আইয়ুব আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।
রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ রাকিব উদ্দিন জানান, র্যাব-৭ বাঘাইছড়ি থেকে একজনকে আটকের বিষয়টি পুলিশকে অবহিত করেছে।
অন্যদিকে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি আইয়ুবকে বাঘাইছড়ি থেকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে নিহত হন যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। হত্যাকাণ্ডের পর এ ঘটনায় মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।



