Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাআইন-বিচারদেশবাংলা

জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর

বগুড়া প্রতিনিধি (ডিজিটাল): দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম জামিন পেয়েছেন। রবিবার দুপুরে বগুড়ার সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান তার জামিন আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তানজিম আল মেজবা।

তিনি জানান, বেলা ১২টার দিকে জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এ সময় রেজানুর ইসলাম কারাগারে ছিলেন।

এর আগে গত ১৮ জুন রাতে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গাজীপুরের গাছা এলাকার বোর্ডবাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে গত ১৫ জুন বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দ্যা নিউ নেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন মামলা করেন।

মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি মো. শামস এবং জেলা প্রতিনিধি সাব্বির হাসানকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।

এদিকে শুক্রবার রাতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এক বিবৃতিতে বলেন, তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপতথ্য প্রচার করা হচ্ছে। তার নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, কারণ এ ধরনের উদ্যোগে তার কোনো অনুমোদন বা নির্দেশনা নেই।

বিবৃতিতে তিনি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর ৬ সাংবাদিককে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেন এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান ও গ্রেপ্তার সাংবাদিকদের দ্রুত মুক্তির আশা প্রকাশ করেন।

একইসঙ্গে তিনি বলেন, মামলার বাদীও যেহেতু একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ, তাই এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজে কোনো ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button