Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না: ক্রিস্টেনসেন

বাংলা টিভি ডেস্ক: বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পর্ব নিশ্চিত হলো। এই সময়ে বাংলাদেশিদের কাছে নিজ দলের পক্ষে সমর্থন চাইলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেই সঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না।

শনিবার (২০ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। ফিফা বিশ্বকাপে গত রাতে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে পরপর দুই খেলায় যুক্তরাষ্ট্রের জয় ১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের পর এটিই প্রথম।

খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর এই জয়ের প্রসঙ্গ ধরে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘একটা খুব গুরুত্বপূর্ণ কারণে আমি এখানে এসেছি। গত রাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ একটা জয় পেয়েছে যুক্তরাষ্ট্র এবং পরবর্তী পর্বে চলে গেছি; সুতরাং আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী ও সব বাংলাদেশিকে উৎসাহিত করতে এসেছি, যাতে সামনের দিনে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন।’

এছাড়াও সমর্থন চাওয়ার পর ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘কেননা, দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে আপনাকে কখনো পস্তাতে হবে না।’

এদিন বৈঠক থেকে বেরিয়ে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার প্রসঙ্গ এড়িয়ে ফুটবল বিশ্বকাপের ম্যাচে যুক্তরাষ্ট্রের বড় বিজয়ের প্রসঙ্গ টানেন ক্রিস্টেনসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাওয়ার আগের দিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত। তবে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের এই বৈঠককে ‘রুটিন সাক্ষাৎ’ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রীর ৬ দিনের প্রথম সফর শুরু হচ্ছে রোববার। চীন সফরের প্রথম দুই দিন ২৩ ও ২৪ জুন দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের পাশাপাশি দ্বিপক্ষীয় বিভিন্ন বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button