মহারাষ্ট্রে মন্দিরের নির্মাণাধীণ ছাদ ধসে নিহত ৪, আটকা ২০

বাংলা টিভি ডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি মন্দিরে নির্মাণকাজ চলাকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত এবং আরও প্রায় ২০ জন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাটি ঘটে শনিবার (২০ জুন) বিকেলে মহারাষ্ট্রের পারভানি জেলার যশওয়াড়ি গ্রামে অবস্থিত একটি মন্দিরে। স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরটির গর্ভগৃহের সামনে নির্মাণাধীন ছাদের অংশ হঠাৎ ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় মন্দিরে অনেক দর্শনার্থী উপস্থিত ছিলেন। ছাদ ধসের পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান শুরু করে।
একজন পুলিশ কর্মকর্তা জানান, দুপুর সাড়ে ৩টার দিকে মন্দিরের ‘সভা-মণ্ডপ’-এর ভিত্তি ধসে পড়ে। এরপর পুলিশ ও জেলা প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
আহতদের পারভানি জেলা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল কাজ করছে।
মন্দিরটি ছত্রপতি সম্ভাজিনগর থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে অবস্থিত। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান এখনো চলমান এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।



