শিশু জায়হান হত্যা, খুনিদের ঘর গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় ৭ বছরের শিশু জায়হান হত্যাকাণ্ডকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দক্ষিণ গোবিন্দারখীল এলাকার বাসিন্দা মো. শাহজাহানের ছেলে জায়হান নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে পরিবারের শয়নকক্ষে একটি হাতে লেখা চিরকুট পাওয়া যায়, যেখানে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং নির্দিষ্ট নির্দেশনা অনুসরণের কথা উল্লেখ ছিল।
ঘটনার পর পুলিশ ও গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করে। পরে বৃহস্পতিবার ভোরে প্রতিবেশীর বাড়ির পেছনের একটি ময়লার ভাগাড় থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, শিশুটিকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রতিবেশী সাদিয়া আক্তার নিহা (১৯), তার বাবা ও মা শাহানুর আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। এর জেরে বৃহস্পতিবার রাতে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, আসামিদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। একই সঙ্গে কারা এই হামলা ও ভাঙচুরে জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



