
বাংলা টিভি ডেস্ক: নাটোরের গুরুদাসপুরে মাদক সেবনের অভিযোগে একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে পৌর কর্মকর্তা ও একজন শিক্ষকসহ মোট সাতজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে জরিমানা প্রদান করে।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ এলাকার একটি ছাত্রাবাসে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সাতজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে এই দণ্ড ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গুরুদাসপুর পৌরসভার বাজার পরিদর্শক কামাল পারভেজ (৪৬), খুবজীপুর উচ্চ বিদ্যালয়ের ল্যাব সহকারী মো. নাইম শেখ (২৬)সহ আরও পাঁচজন।
আটক অন্যরা হলেন সাগর হোসেন (২৭), আম্মার হোসেন (২৫), ফাহিম আল আরাফাত শান্ত (২৬), সাখাওয়াত হোসেন (৩২) এবং তাফসির তাহমিদ তারিফ (১৯)।
ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে সাজাপ্রাপ্তদের রাতেই নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ দণ্ড দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



