
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলে গত এক সপ্তাহে অন্তত ১৫ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা, নৌবাহিনী ও চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র।
শনিবার (২০ জুন) বার্তা সংস্থা রয়টার্স–কে দেওয়া তথ্য অনুযায়ী, ধারণা করা হচ্ছে নৌকাডুবির ঘটনায় এসব অভিবাসীর মৃত্যু হয়েছে।
নৌবাহিনীর একটি সূত্র জানিয়েছে, উপকূলীয় এলাকা থেকে আরও অন্তত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের ধারণা, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৬১ জন আরোহী ছিলেন।
উদ্ধার হওয়া মরদেহগুলো মিশরের সীমান্তবর্তী শহর তোব্রুকের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে পাওয়া গেছে। একাধিক নিরাপত্তা কর্মকর্তা জানান, মরদেহগুলোতে পচন ধরতে শুরু করেছে এবং আরও মরদেহ পাওয়ার আশঙ্কা রয়েছে।
তোব্রুক রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে দেখা যায়, স্বেচ্ছাসেবীরা উপকূলের পাথুরে এলাকা থেকে মরদেহ সংগ্রহ করে সাদা ব্যাগে রাখছেন।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়ার উপকূল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য অভিবাসীদের অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছে। সংঘাত, দারিদ্র্য ও নিরাপত্তাহীনতার কারণে বহু মানুষ এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিচ্ছে।
অন্যদিকে পৃথক এক ঘটনায় লিবিয়ার রাজধানী ত্রিপোলির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা জানিয়েছে, নৌকাডুবির পর আরও ১৩ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।



