Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

পরীক্ষার্থী ভারতের, মেডিকেল ভর্তি পরীক্ষার সিট পড়েছে দুবাই

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘রিই-নিট ইউজি ২০২৬’-এর ঠিক আগমুহূর্তে বড় ধরনের প্রশাসনিক গাফিলতির ঘটনা সামনে এসেছে। মহারাষ্ট্রের নাগপুরের এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্র হিসেবে ভারতের কোনো শহরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। আগামী রোববার (২১ জুন) অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে এমন ভুলে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

ভুক্তভোগী পরীক্ষার্থী আবদুল্লাহ মোহাম্মদ তালিব নাগপুরের বাসিন্দা। তার পরিবার জানায়, অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর তারা হতবাক হয়ে যান। আবদুল্লাহর বাবা, চিকিৎসক মোহাম্মদ তালিব গণমাধ্যমকে বলেন, ছেলের পাসপোর্ট না থাকায় বিদেশে গিয়ে পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই আসে না।

পরিবারের ভাষ্য অনুযায়ী, পরীক্ষার আবেদনকালে আবদুল্লাহ নাগপুর, ওয়ার্ধা ও ভান্ডারা—এই তিনটি কেন্দ্র পছন্দ হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু পরীক্ষার আগের দিন জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ডে দেখা যায়, তার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে আবুধাবির একটি ভারতীয় স্কুলে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এনটিএ প্রথমে কোনো মন্তব্য না করলেও পরে এটিকে সফটওয়্যারজনিত ত্রুটি হিসেবে স্বীকার করে। সংস্থাটি জানিয়েছে, বিষয়টি যাচাই করে দ্রুত সংশোধিত অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে এবং পরীক্ষার্থীর কেন্দ্র নাগপুরেই পুনঃনির্ধারণ করা হবে।

এনটিএ আরও জানিয়েছে, সংশোধিত অ্যাডমিট কার্ড একই দিনেই প্রকাশ করা হতে পারে।

প্রসঙ্গত, প্রশ্নফাঁসসহ বিভিন্ন বিতর্কের পর পুনরায় আয়োজন করা এই পরীক্ষা আগামীকাল দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত পেন-অ্যান্ড-পেপার পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

এনটিএ পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে কোনো অসঙ্গতি দেখা দিলে দ্রুত হেল্পলাইনে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। তবে পরীক্ষার মাত্র একদিন আগে এমন ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button