Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম

বাংলা টিভি ডেস্ক: নামাজে ইমামতির সুযোগ নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় গোলাম আজম (৪৫) নামের এক আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (১৭ জুন) সকালে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে তার বাসভবন থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর আদালতে জাকির হোসেন মিজি বাদী হয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০১৩-এর অধীনে ‘রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী গোলাম আজমের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেপ্তারের জন্য পল্টন থানা পুলিশ রাজধানীর পুরানা পল্টনে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালায়।

অভিযানের সময় আসামি পুলিশের কাছে নামাজ আদায়ের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর তিনি অফিসের কর্মচারীদের নিয়ে নামাজে ইমামতি শুরু করেন। তবে দ্বিতীয় রাকাতে সিজদার পরপরই তিনি হঠাৎ পিছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যান বলে জানায় পুলিশ।

ঘটনার পর তাকে খুঁজে পেতে প্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়। পরে বুধবার সকালে নিজ বাসভবন থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গোলাম আজম দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মানবপাচার সংশ্লিষ্ট একাধিক মামলার অভিযোগও রয়েছে। এসব অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, আসরের নামাজের সময় অনুমতি নিয়ে ইমামতি শুরু করলেও মাঝপথে তিনি কৌশলে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button