আদিবাসী তরুণীকে গণধর্ষণ, মুখে অ্যাসিড! দুই বিএসএফ’র ৪২ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মিজোরামের একটি জেলা আদালত ৯ বছর পুরনো এক ধর্ষণ ও অ্যাসিড হামলার মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। ২০১৭ সালে এক আদিবাসী তরুণীর ওপর সংঘটিত নৃশংস ঘটনায় দুই বিএসএফ জওয়ানকে ৪২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দোষী সাব্যস্ত হওয়া দুই জওয়ানের মধ্যে একজন বাঙালি এবং অন্যজন উত্তরপ্রদেশের বাসিন্দা। সম্প্রতি আদালত তাদের অপরাধ প্রমাণিত করে এই দণ্ড ঘোষণা করেন বলে জানা গেছে।
মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ১৬ জুলাই মিজোরামের সুপুরি বনে ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে তার মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয়, যার ফলে তার একটি চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে যায় এবং মুখের ত্বক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় তার সঙ্গে থাকা এক বান্ধবীও পরে মারা যান, তবে ওই মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়নি।
আদালত ধর্ষণ ও অ্যাসিড হামলার বিভিন্ন অভিযোগে পৃথক পৃথক সাজা ঘোষণা করেছে। গণধর্ষণের জন্য ২০ বছর, ধর্ষণের মাধ্যমে শারীরিক ক্ষতির জন্য ১০ বছর এবং অ্যাসিড হামলার জন্য ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এসব সাজা একসঙ্গে ভোগ করতে হবে দণ্ডিতদের। পাশাপাশি প্রতিটি অপরাধের জন্য ৬০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে অতিরিক্ত দুই মাস করে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর নির্যাতিতা নিজেই জেলা প্রশাসনের সামনে অভিযুক্তদের শনাক্ত করেন। এরপর শুরু হয় দীর্ঘ বিচারপ্রক্রিয়া, যেখানে ১৮ জন সাক্ষ্য দেন। সাক্ষীদের মধ্যে স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকরাও ছিলেন।
দীর্ঘ শুনানি শেষে অবশেষে আদালত দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এই দৃষ্টান্তমূলক সাজা ঘোষণা করে।



