টাঙ্গাইলে যমজ ভাইয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে যমজ বোন

বাংলা টিভি ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে এক ব্যতিক্রমী ও আলোচিত ঘটনা ঘটেছে, যেখানে যমজ দুই বোনের সঙ্গে বিয়ে হয়েছে যমজ দুই ভাইয়ের। এই বিয়েকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয় এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ বিয়েবাড়িতে ভিড় করেন।
বুধবার (১৭ জুন) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামে শফিকুল ইসলামের যমজ দুই মেয়ের সঙ্গে এই বিয়ে সম্পন্ন হয়। অপরদিকে, লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামের মো. নুরুল আলমের যমজ দুই ছেলের সঙ্গে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বিয়ে হওয়া দুই ভাই মো. আব্দুর রাজ্জাক ও মো. আব্দুল জব্বার দুবাই প্রবাসী। আব্দুর রাজ্জাকের সঙ্গে সুমাইয়া আক্তারের এবং আব্দুল জব্বারের সঙ্গে সোনিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। দুই বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয় তিন লাখ টাকা করে, মোট ছয় লাখ টাকা।
বিয়ের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। অনেকেই কৌতূহলবশত নবদম্পতিদের দেখতে বিয়েবাড়িতে উপস্থিত হন। কেউ আমন্ত্রণ পেয়ে, আবার কেউ না পেয়েও ভিড় করেন।
স্থানীয়দের ভাষ্য, এমন যমজ-যমজ বিয়ে খুব একটা দেখা যায় না বলেই এটি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকে নবদম্পতিদের সুখী জীবন কামনা করে দোয়া করেন।
যমজ দুই ভাই বলেন, তারা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছেন এবং ইচ্ছে ছিল যমজ বোনকে বিয়ে করার। সামাজিক যোগাযোগমাধ্যম ও পরিচিতজনদের মাধ্যমে দুই যমজ বোনের খোঁজ পান তারা। এই বিয়ে সম্পন্ন করতে পেরে তারা আনন্দিত এবং সবার দোয়া কামনা করেন।
যমজ বোনদের চাচা রফিকুল ইসলাম মনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম এবং এক শিক্ষকের মাধ্যমে এই সম্বন্ধ তৈরি হয়। তিনি বলেন, দুই বোন এইচএসসি পরীক্ষার্থী এবং দুই ভাই বিদেশে কর্মরত। পরিবারের সবাই এই মিলনে খুশি।
অন্যদিকে, দুই ভাইয়ের বাবা মো. নুরুল আলম বলেন, যমজ দুই ছেলের জন্য যমজ দুই মেয়েকে পুত্রবধূ হিসেবে পাওয়া তাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।



