গাইবান্ধায় নিখোঁজ বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি (ডিজিটাল): গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর মমিন মিয়া (৫) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরের দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চর বালুয়া গ্রামের পাশের বাঙালি নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।
নিহত মমিন মিয়া ওই এলাকার মতিয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার মায়ের সঙ্গে বাঙালি নদীতে গোসল করতে নেমে হঠাৎ পানিতে তলিয়ে যায় মমিন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দীর্ঘ সময় নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাত হয়ে যাওয়ায় এবং ডুবুরি দল না থাকায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।
পরদিন আজ বুধবার দুপুরে স্থানীয়রা বাড়ির পাশের নদীতে একটি মরদেহ ভাসতে দেখে। পরে সেটি মমিনের মরদেহ বলে শনাক্ত করা হয়। স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’



